ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর মনোনীত হওয়ায় মুফতি মনির হোসাইন কাসেমীকে ফুল দিয়ে বরণ
নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সদস্য (গভর্নর) হিসেবে মনোনীত হওয়ায় বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি মনির হোসাইন কাসেমীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন জামিয়ার আসাতিযায়ে কেরাম।
সম্প্রতি এ উপলক্ষে জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিমে জামিয়ার কক্ষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় জামিয়ার বিভিন্ন বিভাগের আসাতিযায়ে কেরাম মুফতি মনির হোসাইন কাসেমীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্বের জন্য অভিনন্দন ও শুভকামনা ব্যক্ত করেন।
এসময় জামিয়ার আসাতিযায়ে কেরাম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নব নিযুক্ত অন্য দুজন গভর্নরকেও ফুলেল শুভেচ্ছা জানান। তারা হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম ও সম্মিলিত ইমাম-খতিব পরিষদের মহাসচিব মুফতি শরীফুল্লাহ।
এর আগে গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপন জারী করে তাদের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরস এর সদস্য হিসেবে নিয়োগ করার বিষয়টি নিশ্চিত করা হয়।
আসাতিযায়ে কেরাম বলেন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠানের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে মুফতি মনির হোসাইন কাসেমীর মনোনয়ন জামিয়ার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। তার ইলমি যোগ্যতা, দীর্ঘদিনের দ্বীনি খেদমত, প্রশাসনিক অভিজ্ঞতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি দেশের দ্বীনি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছার জবাবে মুফতি মনির হোসাইন কাসেমী জামিয়ার আসাতিযায়ে কেরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের নতুন দায়িত্ব একটি আমানত। দেশ, জাতি ও দ্বীনের কল্যাণে দায়িত্বটি যথাযথভাবে পালনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এ সময় জামিয়ার বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)