একসঙ্গে ১৫ শিক্ষার্থীর হিফজুল কোরআন সমাপ্তি
কুমিল্লা প্রতিবেদক : কুমিল্লার পূর্ব পাচপাড়া (বড় বাড়ি) তালিমুল কোরআন রহমানিয়া মাদ্রাসা কমপ্লেক্সে ১৫ শিক্ষার্থীর হিফজুল কোরআন সমাপ্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সমাপনী অনুষ্ঠান। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক হৃদয়স্পর্শী ও স্মরণীয় আয়োজনে।
মাদ্রাসার হিফজ বিভাগ থেকে চলতি বছর মোট ১৫ জন শিক্ষার্থী পবিত্র কোরআনুল কারিমের হিফজ সম্পন্ন করার গৌরব অর্জন করেছে। এছাড়া নাজেরা বিভাগ থেকে ১০ জন শিক্ষার্থী হিফজুল কোরআনের সবক গ্রহণের মাধ্যমে তাদের হিফজের যাত্রা শুরু করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুস্তাকুন্নবী কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানী মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মুহাম্মদ নোমান।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা হিফজুল কোরআন সম্পন্নকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
তারা বলেন, পবিত্র কোরআন হিফজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহান নিয়ামত ও সৌভাগ্য। একজন শিক্ষার্থীর জন্য কোরআনের হাফেজ হওয়া যেমন গৌরবের বিষয়, তেমনি এর পেছনে থাকা শিক্ষক ও অভিভাবকদের ত্যাগ, শ্রম ও আন্তরিকতাও প্রশংসার দাবিদার।
বক্তারা আরও বলেন, কোরআন শুধু মুখস্থ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করা এবং সমাজে তার আলো ছড়িয়ে দেওয়াই একজন হাফেজে কোরআনের অন্যতম দায়িত্ব।
আরও পড়ুন...
হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সাফল্যে অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন কোরআনের আলোয় আলোকিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।
অনুষ্ঠানের শেষপর্বে পবিত্র কোরআনের হাফেজ ও হিফজের নতুন যাত্রা শুরু করা শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)