দাওরায়ে হাদীস পরীক্ষার তারিখ ঘোষণা করল হাইআতুল উলয়া
নিজস্ব প্রতিনিধি: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরী শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে এ পরীক্ষা শুরু হবে। একই সঙ্গে পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম আগামী ৮ অক্টোবর থেকে অনলাইনে শুরু হবে।
আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু: অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফি ছাড়া আগামী ৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে। এ সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা এবং মানোন্নয়নসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ১ হাজার ৯০০ টাকা।
আরও পড়ুন...
নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে ব্যর্থ হলে ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিলম্বিত সময়ে ফি জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে।
২১ জানুয়ারি থেকে পরীক্ষা
দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা আগামী ২১ জানুয়ারি ২০২৭ বৃহস্পতিবার শুরু হয়ে ১ ফেব্রুয়ারি ২০২৭ সোমবার শেষ হবে। পরীক্ষার মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার সময়সূচির ক্ষেত্রে ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে।
অনলাইনে জমা দিতে হবে পরীক্ষার ফি
আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডভুক্ত সব দাওরায়ে হাদীস (তাকমীল) মাদরাসার কর্তৃপক্ষ এবং পরীক্ষার জন্য নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
পরীক্ষার ফি কেবল আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের hems.alhaiatululya.org-এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং ব্যবহার করা যাবে।
ফি জমা দেওয়ার জন্য মাদরাসাগুলোকে সফটওয়্যারের ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে। সেখানে সংশ্লিষ্ট মাদরাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে। সব পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দিতে ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ বাটনে ক্লিক করতে হবে।
নির্দিষ্ট কয়েকজন পরীক্ষার্থীর ফি জমা দিতে চাইলে তালিকায় তাদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় পেমেন্টের বিস্তারিত তথ্য দেখানো হবে এবং সেখান থেকে পেমেন্টের মাধ্যম নির্বাচন করে ফি জমা দেওয়া যাবে।
দাওরায়ে হাদীস কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর
দাওরায়ে হাদীস (তাকমীল) কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর। ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে আল-হাইআতুল উলয়ার অধীন এ স্তরের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) ডিগ্রির সমমান দেওয়া হয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষ, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে আল-হাইআতুল উলয়া।
বিস্তারিত তথ্যের জন্য আল-হাইআতুল উলয়ার ওয়েবসাইট hems.alhaiatululya.org অথবা ০৯৬১১-৬৩৪৭৩৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)