কী আছে জমিয়তের ১০ দফা প্রস্তাবে?

জমিযত

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও সন্ত্রাস দমন, কওমি সনদের স্বীকৃতি অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টি এবং ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারসহ ১০ দফা প্রস্তাব উত্থাপন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শুরা অধিবেশন-২০২৬-এ এসব প্রস্তাব উত্থাপন করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়ার পরিচালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়।

১০ দফায় যা বলা হয়েছে

১. বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন:
দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়, দীর্ঘদিনের এ সংকটের কারণে ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও দ্রব্যমূল্যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।

২. নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের দাপট বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

৩. দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা:
হাসপাতাল, ব্যবসা, সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনের নিরপেক্ষ ও কঠোর প্রয়োগের দাবি জানানো হয়েছে।

৪. সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন:
নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে স্বার্থান্বেষী মহলের পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন...

৫. কওমি সনদের স্বীকৃতির বাস্তবায়ন:
কওমি দাওরায়ে হাদিস তথা মাস্টার্স সমমানের সনদের স্বীকৃতির বাস্তব রূপ দিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কওমি সনদধারী আলেমদের সরকারি প্রাথমিক ও দাখিল স্তরের কারী শিক্ষক পদে নিয়োগের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়েছে।

৬. সরকারি চাকরিতে কওমি শিক্ষার্থীদের সুযোগ:
কামিল স্তর পর্যন্ত আলিয়া মাদরাসা এবং ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য সেক্টরে সম্মানজনক পদে কওমি শিক্ষার্থীদের নিয়োগের সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়েছে।

৭. ইমাম-মুয়াজ্জিনদের ভাতা:
সরকারি তহবিল থেকে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের ক্ষেত্রে দলীয় পরিচয়ের ভিত্তিতে তালিকাভুক্তির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ইনসাফভিত্তিক ভাতা বণ্টনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

৮. ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা:
ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধে বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কার্যকর ও জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়েছে।

৯. স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা:
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মুসলিম জাতিসত্তা ও সংস্কৃতি রক্ষায় ভারতীয় আধিপত্যবাদ ও পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন রোধে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

১০. জুলাই জাতীয় সনদ ও ধর্মীয় অনুভূতির সুরক্ষা:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গড়িমসি এবং সংশ্লিষ্ট প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্যোগের নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি ইসলামের পবিত্রতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় নিন্দা জানিয়ে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শুরা অধিবেশনে এসব প্রস্তাবের মাধ্যমে দেশের বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, নির্বাচন, কওমি শিক্ষার্থীদের কর্মসংস্থান, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, আন্তর্জাতিক কূটনীতি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে সংগঠনটির অবস্থান তুলে ধরা হয়।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন