ব্রাহ্মণপাড়ায় কওমী মাদ্রাসা সংগঠনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

ব্রাহ্মণপাড়ায় কওমী মাদ্রাসা সংগঠনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠন, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষক, মুহতামিম, অভিভাবক, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে দ্বীনি ও প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবিকাশে উৎসাহ প্রদানের লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

আরও পড়ুন...

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল কবির।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা একটি জাতির ভবিষ্যৎ সম্পদ। কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দ্বীনি মূল্যবোধ, আদর্শ, নৈতিকতা ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল—সংগঠনের সভাপতির পক্ষ থেকে উপজেলার প্রতিটি অংশগ্রহণকারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেবদের দ্বীনি খেদমত ও মাদ্রাসা পরিচালনায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ উপহার প্রদান। এ সময় মুহতামিমগণকে সম্মাননা জানানো হয় এবং তাঁদের দীর্ঘদিনের দ্বীনি ও শিক্ষামূলক খেদমতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বক্তারা আরও বলেন, কওমী মাদ্রাসাগুলো দ্বীনি শিক্ষা বিস্তার, নৈতিক চরিত্র গঠন এবং সমাজে আদর্শ মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাকে আরও শক্তিশালী করতে শিক্ষক, মুহতামিম, অভিভাবক ও সংগঠনের দায়িত্বশীলদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃত্তি পরীক্ষার আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, আদব-আখলাকের প্রতি যত্নশীল হওয়া এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করা হয়।

শেষে বৃত্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকল শিক্ষক, পরীক্ষক, সংগঠনের দায়িত্বশীল, মাদ্রাসার মুহতামিম, অভিভাবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সফলতা ও কওমী মাদ্রাসার উন্নতি-অগ্রগতির জন্য বিশেষ দোয়া করা হয়।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন