একান্ত স্বজন আমার
এইচ. এম. আবু সালেহ
শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে হে রাসূল,
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হয়েছে অন্তর্ধান তোমার,
দেখতে পায়নি আমার দুচোখ তোমার সর্বসুন্দর অবয়ব।
প্রত্যক্ষ সাক্ষাতের হয়নি সৌভাগ্য
সুদীর্ঘকালের ব্যবধানে।
পৃথিবীর অন্তিমকালে এসে হে রাসূল-
আমি যখন জানতে পারলাম তোমার পরিচয়,
চিরজীবন্ত উসওয়া তোমার
তুলে ধরলো আমার সম্মুখে তোমার অনিন্দ্য সুন্দর প্রতিকৃতি।
তোমার অনুপম চরিত্র মাধুরীর সজীবতা
জানালো আমায় তোমার সঠিক পরিচিতি।
জানলাম আমি - তুমি সর্বসুন্দর শ্রেষ্ঠতর মহামানব।
মধুর বচনে তোমার, থেমেছে মযলুমানের করুণ রোদন।
তোমার বুকভরা অকৃত্রিম ভালোবাসা
শুকায়েছে অশ্রুভেজা গন্ডদেশ নির্যাতিতের।
চরম নিপীড়ন সহন কালেও
ফুটেছে তোমার মুখে
দারাজ আশীষ।
এরপর আমি যখন দৃষ্টি প্রশস্ত করলাম,
দেখলাম, যুগ-যুগান্তরে অসুন্দরের পথ থেকে তোমার খুলুকে আজীম -
শতদল ভ্রষ্ট জালিমদের এনেছে টেনে সুন্দরের পথে।
এখনও দেখি, চতুর্দিক থেকে যখন আমায় ঘিরে ধরে কুৎসিত অন্ধকার,
মানবতার শ্লোগানধারী হায়েনারা যখন টুটি চেপে ধরে অসহায় বনী আদমের,
ইরাকে-ইরানে, ফিলিস্তিনে, আফগানিস্তানে, আরাকানে পশুদের অত্যাচারে
মানবতা ডুকরে কাঁদে।
নারীরা সম্ভ্রম হারায়, হত্যা, লুণ্ঠন, চরম পাশবিকতা চলে দেশে দেশে মুসলিমদের প্রতি-
সহসাই তোমার আদর্শের জ্যোতি, তোমার মহান উদার চরিত্রালোক।
আমাকে সাহসী পথ দেখায়
গহীন অন্ধকারে করে আলো বিকিরণ।
আমি হই সংগ্রামী বীর পুরুষ, আলোকিত মানবতার উদাহরণ।
তোমার তুলনা তুমিই হে রাসূল! তুমি আমার একান্ত স্বজন।
সম্পাদক :
কাফেলা সাহিত্য মজলিস, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
মন্তব্য (০)