কিশোরগঞ্জে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মহাসম্মেলন
কিশোরগঞ্জ প্রতিনিধি: কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বাদ জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক মুসল্লি, আলেম-ওলামা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মহাসম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ওপর আঘাতকারীদের এ দেশে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, জাতীয় সংসদে স্পিকার মহোদয়ের আসনের ওপরে কালেমা খচিত ক্যালিগ্রাফি ব্যবহার করে সরকার নিজেদের ইসলামবান্ধব হিসেবে জানান দিয়েছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। সরকার যদি সত্যিই ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তৌহিদী জনতার দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, বিশ্বের বহু মুসলিম দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তাদের অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি। নবুওয়তের খতম বা চূড়ান্ত সমাপ্তি ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস। যারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পর নতুন কোনো নবীর আগমনকে বিশ্বাস করে, তারা মুসলিম হতে পারে না—এমন দাবি তুলে তিনি কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আহ্বান জানান।
মাওলানা মুহিউদ্দিন রাব্বানী আরও বলেন, কাদিয়ানী সম্প্রদায় নিজেদের ‘মুসলিম’ পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে। তারা নিজেদের বিশ্বাস নিয়ে থাকতে চাইলে সংখ্যালঘু অমুসলিম হিসেবে থাকবে; তবে ইসলামের পবিত্র নাম ব্যবহার করে প্রতারণা করতে দেওয়া হবে না।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে জাতীয় সংসদে বিল পাস করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে এবং তৌহিদী জনতার দীর্ঘদিনের দাবি ও ক্ষোভের অবসান ঘটাতে হবে।
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
সভাপতির বক্তব্যে মাওলানা শাব্বির আহমাদ রশীদ বলেন, কিশোরগঞ্জের তৌহিদী জনতা খতমে নবুওয়তের আকিদা রক্ষায় চিরকাল আপসহীন ভূমিকা পালন করে এসেছে।
তিনি বলেন, ইমানের স্বার্থে কিশোরগঞ্জের আলেম-ওলামা ও সাধারণ জনগণ রক্ত দিতে প্রস্তুত; কিন্তু খতমে নবুওয়তের পবিত্রতায় কোনো আঘাত সহ্য করা হবে না। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।
অংশ নেন বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা
মুফতি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদীস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা শাহ ইসমাঈল (পীর সাহেব), মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মাওলানা আবুল বাশার, মাওলানা উবায়দুল্লাহ আনোয়ার, মাওলানা সাঈদ আহমাদ, মুফতি সুলতান আহমদ জাফরী, মুফতি মাহমুদ হাসান কাসেমী ও মাওলানা আব্দুল আহাদসহ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, প্রতিনিধি ওলামায়ে কেরাম।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে শহীদি মসজিদ চত্বর মুখরিত হয়ে ওঠে। এ সময় কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
মন্তব্য (০)