আস-সুন্নাহ ফাউন্ডেশনে ১৮ জন শিক্ষক প্রশিক্ষক নিয়োগ
নিজস্ব প্রতিনিধি :
শিক্ষক প্রশিক্ষক (টিচার ট্রেইনার) পদে ১৮ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের ইংরেজি, আরবি, গণিত, বিজ্ঞান ও সাধারণ বিষয়ের শিক্ষক প্রশিক্ষণের জন্য এসব জনবল নিয়োগ দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাক-প্রাথমিক পর্যায়ে ইংরেজি বিষয়ে দুইজন নারী এবং গণিত ও সাধারণ বিষয়ে দুইজন নারী শিক্ষক প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ইংরেজি বিষয়ে দুইজন নারী, আরবি বিষয়ে চারজন—দুইজন পুরুষ ও দুইজন নারী, গণিতে চারজন—দুইজন পুরুষ ও দুইজন নারী এবং বিজ্ঞানে চারজন—দুইজন পুরুষ ও দুইজন নারী নিয়োগ দেওয়া হবে।
প্রাক-প্রাথমিক ইংরেজি বিষয়ে আবেদনকারীদের ইংরেজি, ইংরেজি ভাষা শিক্ষণ, টিইএসওএল, ফলিত ভাষাবিজ্ঞান, শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাথমিক শিক্ষা, শিশুবিকাশ বা শৈশবকালীন শিক্ষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ বা সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শিশুবিকাশ, খেলাভিত্তিক শিক্ষা, ফনিক্স, ভাষা ও সাক্ষরতা শিক্ষণ পদ্ধতিতে দক্ষতা এবং কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
প্রাক-প্রাথমিক গণিত ও সাধারণ বিষয়ের জন্য শৈশবকালীন শিক্ষা, শিক্ষা, শিশুবিকাশ, মনোবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রাক-প্রাথমিক পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষক প্রশিক্ষণ বা পরামর্শদানের অভিজ্ঞতা এবং আধুনিক প্রাক-প্রাথমিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রাথমিক ইংরেজি বিষয়ে আবেদনকারীর ইংরেজি, ইংরেজি ভাষা শিক্ষণ, টিইএসওএল, ফলিত ভাষাবিজ্ঞান, শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ বা পরামর্শদানের দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি শিক্ষণ পদ্ধতি, ফনিক্স, ভাষা ও সাক্ষরতা এবং প্রশিক্ষণ পরিচালনায় দক্ষতাও থাকতে হবে।
প্রাথমিক আরবি বিষয়ে আরবি, আরবি ভাষা ও সাহিত্য, আরবি শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রাথমিক বা মাদরাসা শিক্ষায় কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। আরবি ভাষা ও প্রাথমিক পর্যায়ে আরবি শিক্ষণ পদ্ধতিতে দক্ষতাও প্রয়োজন।
প্রাথমিক গণিত বিষয়ে গণিত, ফলিত গণিত, পরিসংখ্যান, শিক্ষা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাথমিক পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন। গণিত শিক্ষণ পদ্ধতি, সমস্যা সমাধান ও ধারণাভিত্তিক শিক্ষাদানে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিঙ্গাপুরভিত্তিক গণিত শিক্ষাপদ্ধতিতে অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার মিলবে।
প্রাথমিক বিজ্ঞান বিষয়ে গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিবেশবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রাথমিক পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ বা পরামর্শদানের অভিজ্ঞতা প্রয়োজন। বিজ্ঞান শিক্ষণ পদ্ধতি, অনুসন্ধানভিত্তিক শিক্ষা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, ভবিষ্য তহবিল সুবিধা, সহায়ক কর্মপরিবেশ এবং পেশাগত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে। এছাড়া ইসলামি পরিবেশে কাজের সুযোগও থাকছে। পদগুলো স্থায়ী বা চুক্তিভিত্তিক হতে পারে এবং সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন করা যাবে এই লিঙ্কে: madrasatussunnah.org/career
মন্তব্য (০)