ইসলামিক সোস্যাল ফাইন্যান্সের সম্ভাবনা ও কার্যকর প্রয়োগ নিয়ে ঢাকায় মিট-আপ
নিজস্ব প্রতিনিধি : ইসলামিক সোস্যাল ফাইন্যান্সের ধারণা, সম্ভাবনা ও বাংলাদেশে এর কার্যকর প্রয়োগ নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ইসলামিক সোস্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’। ইসলামিক সেন্টার ফর ট্রেনিং অ্যান্ড অ্যাডভাইজরির আয়োজনে অনুষ্ঠিত এ মিট-আপের মুখ্য পৃষ্ঠপোষকতায় ছিল অভিযাত্রিক ফাউন্ডেশন। স্পন্সর হিসেবে যুক্ত ছিল ইনোভা ইন্টারন্যাশনাল ও এএনএফ কনসালটেন্সি।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি লুকমান হাসান, মুফতি উবায়দুর রহমান হাম্মাদ, মাওলানা ফাহিম ফয়সাল আল মাসউদ ও জনাব সাদিকুর রহমান।
আরও পড়ুন...
আলোচনায় বক্তারা ইসলামিক সোস্যাল ফাইন্যান্সের মৌলিক ধারণা, প্রয়োজনীয়তা এবং সমাজ ও অর্থনীতিতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশে ইসলামিক সোস্যাল ফাইন্যান্সের কার্যক্রম পরিচালনার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোকপাত করা হয়।
বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে যাকাত, ওয়াকফ, সদাকাহ ও ক্বারযে হাসান-এর মতো ইসলামিক সোস্যাল ফাইন্যান্সের উপকরণ কার্যকর ভূমিকা রাখতে পারে। এসব উপকরণকে পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানোর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সম্পদ ও সুযোগ পৌঁছে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে বৈশ্বিক পরিসরে ইসলামিক সোস্যাল ফাইন্যান্সের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের দিকও তুলে ধরা হয়। একইসঙ্গে বাংলাদেশে এ খাতকে আরও কার্যকর ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে প্রয়োজনীয় কাঠামো, কার্যপদ্ধতি ও সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনা করেন বক্তারা।
মিট-আপের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় ছিল জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন। ইসলামিক সোস্যাল ফাইন্যান্সের অর্থ কীভাবে সঠিকভাবে ব্যবস্থাপনা, হিসাবায়ন ও তদারকি করা যায় এবং অ্যাকাউন্টিং, গভর্ন্যান্স ও স্বচ্ছতার কার্যকর কাঠামোর মাধ্যমে কীভাবে মানুষের আস্থা তৈরি করা সম্ভব—এসব বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা আরও বলেন, ইসলামিক সোস্যাল ফাইন্যান্সকে শুধু দান বা সহায়তামূলক কার্যক্রম হিসেবে না দেখে একটি সুসংগঠিত সামাজিক অর্থায়ন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে প্রয়োজনীয় জনগোষ্ঠীর কাছে সম্পদ ও সুযোগ পৌঁছে দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব সৃষ্টি করা সম্ভব।
অনুষ্ঠানটি ইসলামিক সোস্যাল ফাইন্যান্স বিষয়ে আগ্রহী গবেষক, শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ধারণা বিনিময় ও পারস্পরিক যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা ও উদ্যোগ বাংলাদেশে ইসলামিক সোস্যাল ফাইন্যান্সের সম্ভাবনা নিয়ে আরও গবেষণা, সংলাপ এবং কার্যকর উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে হোস্ট হিসেবে ছিলেন মাওলানা আবুল হাসান ইবনে হাফিজ ও আইসিটিএ এর ট্রেইনার অ্যান্ড কনসালটেন্ট মুফতী রাফি মাহমুদ।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)