হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয় : মুফতি মনির হোসাইন কাসেমী

হেফাজতের সেমিনারে মুফতি মনির হোসাইন কাসেমী

নিজস্ব প্রতিনিধি : হেফাজতে ইসলাম বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়; এটি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম তৌহিদী জনতার একটি অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ এশা রাজধানীর পুরানা পল্টনে আল্লামা শাহ আহমদ শফী রহ. মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই হেফাজতে ইসলাম ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটি কোনো দলীয় রাজনৈতিক স্বার্থে পরিচালিত হয় না। বরং ইসলামের মৌলিক আকিদা, ধর্মীয় মূল্যবোধ এবং মুসলমানদের অধিকার ও মর্যাদা রক্ষার লক্ষ্যে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

আরও পড়ুন...

তিনি বলেন, হেফাজতে ইসলাম তার স্বকীয় আদর্শ ও সাংগঠনিক বৈশিষ্ট্য বজায় রেখে ধর্মীয় মূল্যবোধ ও মুসলমানদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের আলেম-উলামা, মাদরাসা, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মর্যাদা রক্ষার বিষয়েও সংগঠনটি সচেতন ভূমিকা পালন করে আসছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব।

তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের রক্তচক্ষু ও দমন-পীড়ন উপেক্ষা করে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর ইজ্জত এবং ইসলামের মর্যাদা রক্ষার দাবিতে হেফাজতে ইসলামের নেতৃত্বে তৌহিদী জনতা শাপলা চত্বরে স্বতঃস্ফূর্তভাবে সমবেত হয়েছিলেন। শাপলা চত্বরের সেই সমাবেশ ঈমান-আকিদা ও ইসলামী মূল্যবোধ রক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

পল্টন জোনের সভাপতি শাইখুল হাদিস মুফতি সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মুফতি আজহারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মুফতি শামসুল ইসলাম জিলানীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলনসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের আন্দোলনের সময়ও দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করতে গেলে হেফাজতে ইসলামের ভূমিকা ও তৎকালীন ঘটনাপ্রবাহকে উপেক্ষা করার সুযোগ নেই।

সভাপতির বক্তব্যে মুফতি সালাহ উদ্দিন বলেন, হেফাজতে ইসলামকে রাজনৈতিক সংগঠন হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা সঠিক নয়। সংগঠনটি তার স্বকীয় আদর্শ ও সাংগঠনিক বৈশিষ্ট্য বজায় রেখেই ইসলাম, দেশ ও মানবতার পক্ষে কাজ করে যাবে।

পরামর্শ সভা শেষে পল্টন জোনের নেতৃবৃন্দ দেশের সর্বস্তরের মুসলিম জনগণকে ঈমান-আকিদা, ধর্মীয় মূল্যবোধ, শান্তি, ন্যায় ও মানবিক মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের দিকনির্দেশনা মেনে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে হেফাজতে ইসলামের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন