জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি : সরকারকে যা বললো জমিয়ত

জমিয়তের খাস কমিটির বৈঠক

নিজস্ব প্রতিনিধি : জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের আরজাবাদ মাদ্রাসায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে নেতৃবৃন্দ এ দাবি জানান।

বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ খাস কমিটির সদস্যরা।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব দেশের সর্বস্তরের মানুষের ওপর পড়ে। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়, পণ্য পরিবহন এবং উৎপাদন খরচ বেড়ে যায়। এর প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে অসহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারে।

তারা বলেন, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নানা সংকটের মধ্যে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ এ মূল্যবৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন, জনসাধারণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে তাদের স্বস্তি দেওয়া প্রয়োজন।

এদিকে বৈঠকে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সারা দেশে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং নেতাকর্মীদের পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।

সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাস কমিটির সম্মানিত সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী উপস্থিত ছিলেন। বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় এবং বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন