ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ-দুর্নীতিমুক্ত করার আহ্বান ধর্মমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি : ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ, দুর্নীতি ও সব ধরনের অনিয়মমুক্ত একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামিক ফাউন্ডেশনে ইসলামের চর্চার পরিবর্তে প্রতিষ্ঠানটিকে আওয়ামীকরণ ও মুজিবীকরণে ব্যস্ত রাখা হয়েছিল। তিনি ইসলামিক ফাউন্ডেশনকে সেই অবস্থা থেকে বের করে একটি ঘুষ, দুর্নীতি ও অন্যায়মুক্ত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইমাম-মোয়াজ্জিনদের বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ইমাম ও মোয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মোয়াজ্জিনের জন্য ভাতার ব্যবস্থা করা হবে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিমান ভাড়া কমানো না হলেও বর্তমান সরকার হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে হজযাত্রীদের যাত্রীসেবার মানও উন্নত করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠান শেষে ধর্মমন্ত্রী মাসব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে শুরু হওয়া এ বইমেলায় দেশি-বিদেশি ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মন্তব্য (০)