জামায়াতের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের ঐক্য : আল্লামা আজীজুল হক রহ.-এর দস্তখত করা হাফেজ্জী হুজুরের বইয়ের পৃষ্ঠা ভাইরাল
কাওনাইন শেখ :
বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সম্পর্ক ও ঐক্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে প্রখ্যাত আলেম ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা আল্লামা আজীজুল হক (রহ.)-এর দস্তখত করা হাফেজ্জী হুজুরের একটি পুরোনো বইয়ের পৃষ্ঠা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, হাফেজ্জী হুজুরের একটি বইয়ের একটি পৃষ্ঠায় মওদূদী মতাদর্শ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। সে আহবানের সাথে একমত হয়েছেন-এমন নির্দেশনাসহ একই পৃষ্ঠায় দস্তখতকারী কয়েকজন বিশিষ্ট আলেমের নাম রয়েছে। তালিকার প্রথমেই রয়েছেন ‘জনাব মাওলানা আজীজুল হক সাহেব, মোহাদ্দেস, জামিয়া কোরআনিয়া, লালবাগ, ঢাকা’।
এ ছাড়া পৃষ্ঠাটিতে মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা শামসুদ্দীন কাসেমী, মাওলানা কাজী মোতাসিম বিল্লাহ, মাওলানা আবদুল ওয়াহহাব, মাওলানা মুফতী মুহিউদ্দীন (রহ.), মাওলানা হাজী মোহাম্মদ ইউনুস, মাওলানা আবদুল করিম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুফতী নূরুল হক ও মাওলানা ফজলুর রহমানসহ বেশ কয়েকজন আলেমের নাম রয়েছে।

ছবির উপরের অংশে মওদূদী ফেরকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বিশেষভাবে মওদূদী ফেরকা থেকে মুসলমানদের সতর্ক করা ঈমানি দায়িত্ব। একইসঙ্গে অন্যান্য হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মুসলমানদের সতর্ক করার কথাও উল্লেখ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান রাজনৈতিক সম্পর্কের বিষয়টিকে বেশ নেতিবাচক হিসেবে দেখছেন।
নেটিজেনরা বলছেন, আল্লামা আজীজুল হক রহ. প্রতিষ্ঠিত দলটি এখন আর তার আদর্শের উপর নেই। যদি থাকতো তাহলে অন্তত পিতার মতের বিপরীতে গিয়ে জামায়াতে ইসলামীর সাথে ঐক্য করতেন না তারা।
নেটিজেনরা ভাইরাল হওয়া বইয়ের পৃষ্ঠার ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনার জন্ম দিয়েছেন।
মাদানী/এমডব্লিউ
মন্তব্য (০)