শাস্তিমুক্ত শিক্ষাব্যবস্থার আহ্বানে মোহাম্মদপুরে দিনব্যাপী প্রশিক্ষণ

শাস্তিমুক্ত শিক্ষাব্যবস্থার আহ্বানে মোহাম্মদপুরে দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : শাস্তিমুক্ত শিক্ষাব্যবস্থার আহ্বানে মোহাম্মদপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কওমি মাদরাসার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি থেকে সুরক্ষা এবং সহমর্মিতাপূর্ণ শিক্ষাদান পদ্ধতি নিশ্চিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬ ঈ.) বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড-বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরস্থ আঞ্চলিক শিক্ষাবোর্ড ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালা মোহাম্মদপুরের জামিয়া ইসলামিয়া ওয়াহিদীয়া মাদরাসা সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান থেকে বিরত থাকা, শরিয়াহসম্মত সীমার মধ্যে সহমর্মিতাপূর্ণ শিক্ষাদান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আত্মউন্নয়নের বিভিন্ন বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং আল-আযহার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা মুহাম্মাদ লুতফেরাব্বী আযহারী।

আলোচকরা বলেন, কওমি শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক চরিত্র গঠন করা। তাই কোনো অবস্থাতেই রাগ, ক্ষোভ বা প্রতিশোধের বশবর্তী হয়ে শিক্ষার্থীদের ওপর শারীরিক কিংবা মানসিক নির্যাতন করা উচিত নয়।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ তৈরি করা প্রতিষ্ঠান ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোমল আচরণ, সঠিক তারবিয়াত ও আদর্শিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

কর্মশালায় ‘ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’-এর আওতাভুক্ত বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষক, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন