তোমার তুলনা তুমি
এইচ. এম. আবু সালেহ
সারারাত মুক্ত আকাশের দিকে তাকিয়ে থেকেছি
হে রাসূল। তারা ঝলমল আকাশকে দেখেছি আর
তোমার তুলনা খুঁজেছি,
অবশেষে ক্লান্ত-শ্রান্ত আমি পরাজিত হয়েছি-
তোমার তুলনা খুঁজে পাইনি।
কেননা, আকাশের বিশালতা আর সৌন্দর্যময়তা
সেতো স্বল্পকালের,
আর তোমার হৃদয়ের বিশালতা, তোমার রূপ-সৌন্দর্য
সেতো চিরকালের।
ঐ দৃশ্যমান বৃহৎ সিন্ধু, আলোকজ্জ্বল দিবাকর, পূর্ণিমার চাদ
তাতেও উপমা খুঁজেছি আমি
চেয়েছি পেতে একটা মিলের সূত্র
না, হে রাসূল! আমি পাইনি মিলের সন্ধান।
হে নবী! হে শেষ রাসূল! তুমি দোজাহানের ত্রান কর্তা,
তুমি সব যুগে সবকালে সত্য সুন্দরের স্রষ্টা
তুমি ভ্রান্ত আর পথহারাদের সঠিক পথের নির্দশন।
সূর্য, সেতো আলো দেয় নির্দিষ্টকাল, সৃষ্টি করেনা
আর কোনো দিবাকর,
তোমার নূরের ঝলকানীতে, তোমার বদান্যতার পূত:পরশে
তৈরি হয়েছে শত ওমর, ওসমান, আলী, আবু বকর।
আমি আকাশের শুন্যতায় উড়েছি বিহংগকুলের সাথে
শুনেছি বুলবুলি, ঘুঘু আর কোকিলের সুরমালা,
আমি বৃষ্টিস্নাত গোধুলী দেখেছি, দেখেছি বিকেলের স্নিগ্ধছায়া।
আমি তোমার তুলনা খুঁজেছি হে রাসূল বিশ্ব ভূবন ঘুরে
আঁকতে চেয়েছি একটি ছবি আমার হৃদয় জুড়ে।
হে রাসূল, আমি নদী-সমুদ্রের গভীরে অবস্থান করে,
খুঁজেছি তোমার উপমা, এ জীবন ভরে।
না না, শেষ পর্যন্ত কোথাও খুঁজে পাইনি তোমার তুলনা আমি,
সব মোহাচ্ছন্নতা ছেড়ে যখন বেরিয়ে এসেছি
তখন বুঝেছি, কল্পনায়ও আঁকা যায় না তোমার তুলনার ছবি।
সর্বোত্তম আদর্শের মূর্তপ্রতীক তুমি
মানবতার শ্রেষ্ট দৃষ্টান্ত তুমি
পূর্ণতার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত তুমি।
তোমার আগমনে দূর হয়েছে সব অন্ধকার
অবসান ঘটেছে সব দুখির দুঃখ যাতনা
হেঁসেছে পৃথিবী, হেঁসেছে মানবতা বারবার।
তোমার উদারতায় থেমেছে মাজলুমানের ক্রন্দন
তোমার ভালোবাসায় উজ্জীবিত হয়েছে মানব প্রেমের বন্ধন।
তুমিই শিখিয়েছো মানুষে মানুষে ভেদাভেদ নাই
কালো ধলো, উঁচু-নিচু সব বনী আদম, ভাই ভাই।
তোমার আগে এত ভালোবাসা কারো পায়নি অনাথ অসহায়
কেউ হয়নি কারো এত দরদী সহায়।
চরিত্র সৌন্দর্য্যে রূপ লাবন্যে মানবতার উচ্চতায়
হে রাসূল! তোমার তুলনা তুমিই শুধু
তুমি অদ্বিতীয় মায়ামমতায় মানব সেবায়,
কেউ বাঁধেনি আগে কাউকে এমন গভীর মমতায়।
লেখক :
সম্পাদক, কাফেলা সাহিত্য মজলিস, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা
মন্তব্য (০)