শিক্ষার্থীদের যে আহ্বান জানালেন মাওলানা যাইনুল আবেদীন
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আকাবির-আসলাফের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের ছাত্রজীবন গড়ে তোলার আহবান জানিয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা যাইনুল আবেদীন হাফি.। তিনি বলেন, পূর্ববর্তী আলেমরা শুধু জ্ঞান অর্জনেই নিজেদের সীমাবদ্ধ রাখেননি; বরং অর্জিত জ্ঞানকে তাঁরা বাস্তব জীবনে রূপান্তর করেছিলেন। তাঁদের ইলমের সঙ্গে ছিল আমল, চরিত্র, অধ্যবসায় ও দ্বীনের জন্য একনিষ্ঠ মেহনত।
গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব ঢাকার ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইলমুল ইলাহী বাগবাড়ী মাদ্রাসার ছাত্র সংসদ আত-তাবলীগ ছাত্র পাঠাগারের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা যাইনুল আবেদীন বলেন, ছাত্রজীবনকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল কিংবা প্রাতিষ্ঠানিক সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং এই সময়কে ইলম, আমল, আদব, আখলাক ও আত্মগঠনের সময় হিসেবে কাজে লাগাতে হবে। পূর্ববর্তী মনীষীদের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত ও একনিষ্ঠ মেহনত করতে হবে।
আরও পড়ুন...
তিনি দারুল উলুম দেওবন্দের বিশিষ্ট আদীব মাওলানা খলিল আহমদ আল-আমিনী (রহ.)-এর জীবন ও কর্মের সংক্ষিপ্ত আলোচনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, একনিষ্ঠ মেহনত, অধ্যবসায় এবং আকাবির-আসলাফের অনুসরণ একজন সাধারণ কৃষক পরিবারের সন্তানকেও এমন পর্যায়ে নিয়ে যেতে পারে, যেখানে তিনি পরবর্তীতে বিশ্বের অন্যতম পরিচিত আদীব হিসেবে সম্মানিত হন।
তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা কেবল তার পরীক্ষার ফলাফল বা সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং তার অর্জিত ইলম কতটা আমলে পরিণত হয়েছে, তার চরিত্র ও আখলাকে কতটা সৌন্দর্য এসেছে এবং দ্বীনের জন্য সে কতটা উপকারী হতে পেরেছে—সেটিই মূল বিষয়।
তিনি শিক্ষার্থীদের আকাবির-আসলাফের জীবন অধ্যয়ন, তাঁদের আদর্শ অনুসরণ এবং ছাত্রজীবন থেকেই নিজেদের যোগ্য, আদর্শবান ও দ্বীনদার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া ইলমুল ইলাহী বাগবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজেমে তা'লিমাত মাওলানা খন্দকার ফখরুদ্দীন আহমদ হোসাইনী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদদীন যাকারিয়া, জামিয়া মাদানিয়া বারিধারার সিনিয়র উস্তাদ মাওলানা এইচ এম আবূ সালেহ, জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি ইলিয়াস হাসান কাসেমী, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবীসহ জামিয়া ইসলামিয়া ইলমুল ইলাহী বাগবাড়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ইলম, আমল, আদব ও আখলাকের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য (০)