সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিলে শরিয়াহর বিধান অক্ষুণ্ন রাখার দাবি জমিয়তের

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিলে শরিয়াহর বিধান অক্ষুণ্ন রাখার দাবি জমিয়তের

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এ মুসলমানদের পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার পাশাপাশি শরিয়াহর সুস্পষ্ট বিধানগুলোর পূর্ণাঙ্গ প্রতিফলন নিশ্চিত করার দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে এ দাবি জানানো হয়। দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে জমিয়ত নেতারা বলেন, বৃদ্ধ বয়সে পিতা-মাতার নিরাপত্তা, চিকিৎসা, ভরণ-পোষণ ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করা সন্তানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। ইসলাম পিতা-মাতার অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। তাই প্রবীণ পিতা-মাতার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়।

তবে তারা বলেন, মুসলমানদের সম্পত্তি বণ্টন, উত্তরাধিকার, হেবা ও মালিকানা হস্তান্তরের বিষয়গুলো ইসলামী শরিয়াহর সুস্পষ্ট বিধানের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নতুন কোনো আইন বা আইনের কোনো ধারা যেন পবিত্র কোরআন-সুন্নাহ নির্ধারিত মিরাস ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

জমিয়ত নেতারা আরও বলেন, পিতা-মাতার জীবনকালীন অধিকার সংরক্ষণ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ প্রশংসনীয় হলেও এর প্রয়োগের ক্ষেত্রে মুসলমানদের শরিয়াহসম্মত উত্তরাধিকার ও সম্পত্তির মালিকানা ব্যবস্থায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি করা যাবে না। বিশেষ করে হেবা ও মিরাসের বিধানকে পাশ কাটিয়ে এমন কোনো আইনি কাঠামো তৈরি করা উচিত নয়, যা ভবিষ্যতে পারিবারিক বিরোধ কিংবা শরিয়াহবিরোধী সম্পত্তি বণ্টনের পথ তৈরি করতে পারে।

বিলটি চূড়ান্ত করার আগে দেশের শীর্ষস্থানীয় মুফতি, ফকিহ, আলেম ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ারও দাবি জানান তারা। প্রয়োজনে একটি বিশেষজ্ঞ শরিয়াহ বোর্ডের মাধ্যমে বিলটির প্রতিটি ধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানান জমিয়ত নেতৃবৃন্দ।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, পিতা-মাতার অধিকার ও প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মুসলমানদের জন্য প্রযোজ্য শরিয়াহর মিরাস, হেবা ও সম্পত্তি হস্তান্তরের বিধান অক্ষুণ্ন রাখতে হবে। একই সঙ্গে দেশের ধর্মপ্রাণ মানুষের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে আইনটি এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে মানবিক ও সামাজিক সুরক্ষার পাশাপাশি পবিত্র কোরআন-সুন্নাহর নির্দেশনাও সম্পূর্ণ নিরাপদ থাকে।

মাদানী/এমডব্লিউ

মন্তব্য (০)

মন্তব্য করুন